ভদ্রতা কি আজ দুর্বলতার প্রতীক হয়ে উঠেছে?

in আমার বাংলা ব্লগlast year

মানুষের জীবনে শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা একসময় আত্মমর্যাদার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমাদের শৈশবে বড়রা কিছু গুরুত্বপূর্ণ কথা শিখিয়েছেন “ভদ্র হতে শেখো, সব সময় নরম কথা বলো, কারও সাথে খারাপ ব্যবহার কোরো না।” এসব কথা তখন আদর্শের মতো মনে হতো। একটি উন্নত মানুষ হওয়ার প্রথম ধাপ এই কথাগুলোর পেছনে নিহিত। কিন্তু আজকের বাস্তবতা কি সে সেরকমই রয়ে গেছে?

kabita-darlami-_RVkDC8O254-unsplash.jpg

কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? অবশ্যই আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মানব জীবনে, ভদ্রতা কি আজ দুর্বলতার প্রতীক হয়ে উঠেছে? এ বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে।

আমাদের চারপাশে তাকালেই দেখা যায়, আজকাল কেউ যদি খুব ভদ্রভাবে কথা বলে, সবার সাথে নম্র আচরণ করে, তবে তাকে অনেকেই দুর্বল মনে করে, আত্মবিশ্বাসহীন অথবা 'অপেশাদার' ভাবতে শুরু করে। যেন ভদ্রতা একটি দোষ, যা থাকলে আপনি প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবেন না। এমনকি অনেকে ভাবে, আপনি যদি রেগে না যান, কড়া ভাষায় না বলেন, তাহলে আপনাকে কেউ গুরুত্ব দেবে না। আমার প্রশ্ন এই মানসিকতা কোথা থেকে এলো? এবং এর পরিণতি কী ভবিষ্যতে এর পরিণতি কী হতে পারে?

আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে অহংকার, আক্রমণাত্মক আচরণ ঠকিয়ে দেওয়ার চাতুর্যকে বুদ্ধিমত্তা মনে করা হয়। অফিসের বস যদি জোরে কথা না বলেন, তাহলে কর্মীরা ঠিকমতো কাজ করে না, এমনটা বেশিরভাগ মানুষই বিশ্বাস করে। অথবা রাস্তায় কেউ যদি ঠান্ডা মাথায় অন্য কারো ভুল সহ্য করে নেয়, তখন তিনি 'দুর্বল' বলে গণ্য হন। অথচ ভদ্রতা মানে কখনোই দুর্বলতা নয়। বরং এটি আত্মনিয়ন্ত্রণ, পরিপক্বতা এবং দায়িত্ববোধের প্রতীক।

ভদ্র হওয়া মানে এই নয় যে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না। বরং একজন ভদ্র মানুষই প্রকৃত অর্থে যুক্তিপূর্ণভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন, কারণ তাঁর মধ্যে থাকে শোনার ধৈর্য, বোঝার মনোভাব এবং মূল্যবোধের ভিত্তি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের দিনে এই গুণগুলোর কদর করা হয় না। যিনি বেশি চেঁচিয়ে কথা বলেন, তাঁকেইই মনে করা হয় ‘লিডার’। যিনি শান্তভাবে কাজ করেন, তিনি থাকেন সবার আড়ালে।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক আমরা ভুলে যাচ্ছি। সমাজের এই বিকৃত মূল্যবোধ হয়তো সাময়িকভাবে জনপ্রিয়, কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব ক্ষতিকর, এটা কি আপনি বিশ্বাস করেন। আমরা যদি সবাই অহংকার ও আত্মমগ্নতায় ভরে যাই, তাহলে সহানুভূতি, সহনশীলতা ও মানবতা কোথায় থাকবে? সমাজ তখন হবে শুধু লাভ-লোকসান আর আধিপত্যের খেলায় ভরা এক যুদ্ধক্ষেত্র। মানুষে মানুষে সম্পর্ক থাকবে না, থাকবে কেবল হিসাব-নিকাশ।

তাই আজকের এই সময়ে আমাদের দরকার আরও বেশি ভদ্র ও সংবেদনশীল মানুষ। এমন মানুষ যারা শোনেন, বোঝেন এবং অন্যকে সম্মান করেন। হয়তো তাৎক্ষণিকভাবে তাঁরা সবার নজরে আসবেন না, কিন্তু তাঁরাই সমাজের প্রকৃত ভিত্তি। একেকটি শান্ত মন একেকটি শীতল ছায়ার মতো, যেখানে ক্লান্ত মানুষ একটু প্রশান্তি পায়।

remi-walle-UOwvwZ9Dy6w-unsplash.jpg

ভদ্রতার আরেকটি চেহারা আছে যা আমরা অনেক সময় এড়িয়ে যাই, তা হলো আত্মসম্মানবোধ। যারা সত্যিকারে আত্মবিশ্বাসী, তাঁরাই অন্যকে সম্মান করতে জানেন। কারণ তাঁরা জানেন অন্যকে ছোট করে কেউ বড় হয় না। অন্যের ভুল দেখলে তীব্রভাবে আঘাত না করে, নম্রভাবে সংশোধনের চেষ্টা করাই হলো পরিপক্বতার পরিচয়।

আমরা যখন আমাদের সন্তানদের বড় করছি, তখন যদি আমরা তাদের বলি “ভালো থেকো, কিন্তু যদি কেউ তোমাকে ঠকাতে চায়, তাকে ঠকিয়ে দাও”, তাহলে তাঁরা শিখবে বিশ্বাসঘাতকতা ও প্রতিহিংসা। কিন্তু যদি আমরা বলি ভালো থেকো, শক্ত থেকো, আর কারও প্রতি অসম্মান কোরো না”, তাহলে তাঁরা শিখবে ভারসাম্য, শিখবে শক্তির সঙ্গে সৌন্দর্য মিলিয়ে পথ চলা।

হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে, ভদ্রতা দিয়ে হয়তো আপনি সবসময় এগিয়ে যেতে পারবেন না। কিছু মানুষ হয়তো আপনার নম্রতাকে কাজে লাগাতে চাইবে। কিন্তু তার মানে এই নয় যে আপনি ভদ্রতা ত্যাগ করবেন। বরং শেখা উচিত কাকে কখন কতটা জায়গা দিতে হয়। ভদ্র হওয়া মানে বোকা হওয়া নয়। বরং, নিজের সীমারেখা বজায় রেখে অন্যকে সম্মান করাই হলো ভদ্রতার আসল শিক্ষা।

আমরা সবাই চাই একটি সুন্দর সমাজ, যেখানে শান্তি থাকবে ও সহানুভূতি থাকবে। কিন্তু এই সমাজ তখনই গড়ে উঠবে, যখন আমরা প্রত্যেকে নিজের ভেতরের মানুষটিকে উন্নত করব। যখন আমরা বুঝব, ভদ্র হওয়া কোনো দুর্বলতা নয় বরং এক ধরনের আত্মিক শক্তি, তখনই সমাজে আবার ফিরবে সৌজন্যতার মূল্য।

বন্ধুরা, আপনাদের মাঝে ভদ্রতা নিয়ে আজকে কিছু কথা শেয়ার করলাম। এটা কখনোই ভাববেন না যে, আপনি ভদ্র বলে আপনাকে সবাই দুর্বল মনে করবে। আসলে দুর্বল তো তাঁরা যারা আপনাকে চিনতে পারল না। যাই হোক, আজকের বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ।

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64439.92
ETH 1802.95
USDT 1.00
SBD 0.39