হারানো গয়নার বাক্স ( প্রথম পর্ব )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে 'হারানো গয়নার বাক্স' গল্পের প্রথম পর্ব শেয়ার করে নেবো। একদিন শীতের বিকেলের ঘটনা। শীতের বিকেলের সেই নরম আলোটা জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। দাদুর পুরনো ঘরটা অনেকদিন ধরেই বন্ধ ছিল। কাঠের আলমারি, ধুলো জমে থাকা বই, আর কোণে রাখা একটা ভাঙা টেবিল- সব মিলিয়ে একটা অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। সেই ছেলেটার নাম অর্থাৎ দাদুর সেই নাতির নাম ছিল অরিত্র। অরিত্র আজ অনেকদিন পর তার দাদুর ঘরে ঢুকেছে। দাদুর মৃত্যুর পর থেকে এই ঘরটা কেউ ছোঁয়নি। তার মা বলেছিল- ওই ঘরে যাওয়ার দরকার নেই। কিন্তু অরিত্রর কৌতূহলটা একটু বেশি, ছোটবেলা থেকেই সে রহস্য ভালোবাসে। পুরনো জিনিসের মধ্যে লুকিয়ে থাকা গল্পগুলো যেন তাকে বারবার টানে।
সে ধীরে ধীরে ঘরের ভেতরে এগিয়ে গেল। হঠাৎ তার চোখে পড়ল- টেবিলের নিচে একটা ছোট কাঠের বাক্স। ধুলোয় ঢেকে আছে, কিন্তু তবুও বোঝা যাচ্ছে- এটা সাধারণ কোনো বাক্স নয়, খুব যত্ন করে বানানো। চারদিকে কারুকাজ, মাঝখানে একটা ছোট লোহার তালা। এরপর অরিত্র নিচু হয়ে বাক্সটা হাতে তুলে নিল। সে নিজে মনে মনে বললো- এটা আগে কখনো দেখিনি তো। তার মনে পড়ল, দাদু মাঝে মাঝে কিছু পুরনো গল্প বলত।একবার বলেছিল- আমাদের পরিবারে একটা গয়নার বাক্স আছে, কিন্তু সেটা হারিয়ে গেছে বহু বছর আগে। তখন অরিত্র খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু আজ, এই বাক্সটা হাতে নিয়ে হঠাৎ তার বুকের ভেতর কেমন যেন ধড়ফড় করতে লাগল। এটা কি সেই বাক্স?....