শান্তির নীড়

20260102_093238.jpg

ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে অবস্থিত বেলারি আশ্রম যেন এক টুকরো শান্তির দ্বীপ। আর আশ্রমের এই অপূর্ব স্থাপত্য ও পরিবেশ সত্যিই মুগ্ধ করার মতো। ছবিটি আশ্রমের প্রধান মন্দির ভবনের সামনে দাঁড়িয়ে তুলেছিলাম, যেখানে দেখলে মনে হবে, আধ্যাত্মিকতা, সৌন্দর্য এবং প্রশান্তি একসাথে মিশে আছে। যাওয়ার পরেই চোখে পড়েছিলো মন্দিরের গোলাপি রঙের দৃষ্টিনন্দন স্থাপত্য। উপরে সারিবদ্ধ গম্বুজগুলো ভারতীয় ঐতিহ্যবাহী মন্দিরশৈলীর কথা মনে করিয়ে দেয়। প্রতিটি গম্বুজের শীর্ষে সোনালি অলঙ্করণ যেনো ঝলমল করছিল, যা পুরো ভবনটিকে আরও পবিত্র ও গৌরবময় করে তুলেছিল।

মন্দিরের সামনে রয়েছে প্রশস্ত সিঁড়ি, যা ধীরে ধীরে উপরে উঠেছে, যেন ভক্তদের মনকেও এক ধাপ করে শান্তির দিকে নিয়ে যাচ্ছিল। যদিও এখানে ফটোগ্রাফি করা মানা ছিল, তবুও এই সৌন্দর্য না তুলে পারলাম না। দুই পাশে সাজানো গাছপালা এবং ফুলের বাগান পরিবেশটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছিল। আশ্রমে সবচেয়ে ভালো লেগেছিল এর নিস্তব্ধতা। শহরের মতো এখানে কোনো হর্ন নেই, নেই তাড়াহুড়া। শুধু রয়েছে নিরিবিলি পরিবেশ আর ভক্তদের মন্ত্রোচ্চারণ। এমন পরিবেশে কিছুক্ষণ বসে থাকলে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। সব মিলিয়ে, বেলারি আশ্রম শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি মানসিক আশ্রয়স্থলও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64721.82
ETH 1871.10
USDT 1.00
SBD 0.39