আচ্ছা, ঠিক কতটা বয়স হলে মানুষ বুঝতে পারে সে কি চায়!
কখনো কি মনে হয়েছে, অন্য একটা জীবন আপনি যাপন করছেন? অন্য কারো জীবন? অথবা হয়তো আপনারই জীবন, কিন্তু ঠিক যেভাবে চেয়েছেন সেভাবে নয়?
নাকি এইসব অদ্ভুত অনুভূতি শুধু আমারই হয়!
এইতো কিছু বছর আগেও, অন্য একটা জীবন যাপনের কথা চিন্তা করতাম। এরকম সাংসারিক জীবন নয়, আবার ঠিক হারিয়ে যাওয়ারও নয়। কি জানি কি চাইতাম। নিজেও জানতাম না।
তারওকিছু আগে, খুব উন্মাদ একটা জীবন চাইতাম। আড্ডা, গান, খেলাধুলা, মুভি দেখা, সবকিছু মিলিয়ে একটা উদযাপনময় জীবন। কিন্তু জীবন তো সব সময় উদযাপনের নয়। মাঝে মাঝে থেমে থাকা, নিজেকে খুঁজে পাওয়াটা ও জীবন। সেটা অনেক পরে এসেছে বুঝেছি।
তারও আগে, দুরন্ত কৈশোরে, কি যে চাইতাম। হয়তো পুরনো কোন প্রেমিকার সাথে বাকি জীবন কাটানো অথবা অদ্ভুত কোন কিছু হয়ে ওঠা, কোনো বিশেষ কিছু; খেলোয়াড় বা মুভি তারকা।
আচ্ছা, কতটা বয়স হলে মানুষ বুঝতে পারে সে কি চায়!
কত কিছু চাইবার। কত কিছু চাই না। যা চাই তা হয়তো ভুল করে চাই। কিংবা যা চাইতাম সেটা আর চাইনা। যেগুলো পেয়েছি সেগুলো ধরেও দেখিনা। যা পাইনি তার পিছনে ছুটি। যেগুলো পাব না, তাই ভাবি বসে বসে। যেগুলো পেয়েছি তার হিসেব নেই না।
এই কি জীবন?
ঠিক কতটা বয়স হলে একটা শক্ত অবস্থানে এসে বলতে পারব এই এই এইগুলো আমি চেয়েছিলাম,আমি পেয়েছি অথবা পাইনি। একটা তালি খাতা লিখতে পারবে পেয়েছি এবং পাইনির ঘরে।
কেউ যখন জিজ্ঞেস করে, কি পেয়েছো? এখনো চোখের মাঝে শূন্যতা নিয়ে তাকাই। ঠিকঠাক বলতে পারি না, আসলে কি পেয়েছি অথবা পাইনি।
বয়স তো কম হলো না জীবন ফুরিয়ে যাচ্ছে তার পরও এখনো মনে হয় কিছুই জানলাম না, শিখলাম না কিছুই।
কিন্তু কেন?
ওই যে, যারা বড় চাকুরে অথবা সারাবিশ্ব ঘুরে বেড়াচ্ছে, তারা কি জানে কি; চেয়েছিল আরকি পায়নি। অথবা এই যে পাশ দিয়ে হেটে গেল যে লোকটি কিংবা কোটি টাকার গাড়িতে চড়া সেই যুবক; জানে কি পাওয়া না পাওয়ার হিসেবটা সমান হয়েছে হয়েছে কিনা। এদের সবারই কি একটা টালি খাতা আছে? জানে কি কাগজের মাঝখানে দাগ দিয়ে কি করে অংক কষতে হয় জীবনের?
নাকি আমার মতই শুন্যএকটা খাতা অথবা এলোমেলো আঁকিবুকি করার একটা জীবন নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে!
আচ্ছা, কতটা বয়স হলে মানুষ বুঝতে পারে সে কি চায়! হয়তো সেই বয়সের কোনো মাফ যোখ নেই। যেমন নেই চাওয়ার। পৃথিবীতে আকাশছোঁয়া কত নিয়ে স্বপ্ন ঘুরে বেড়ায়, সবতো আর সত্যি হয়ে আসে না। সেই স্বপ্নগুলোর সাথে হাওয়াই বেলুনের মতো উড়ে বেড়ানোর নামই বোধহয় জীবন।
ছবি: আমার বাসার ছাদ থেকে ভোরে তোলা, শাওমি মোবাইল ফোন দিয়ে, পরে Snapseed অ্যাপ দিয়ে কিছু এডিট করেছি।
"নাকি আমার মতই শুন্যএকটা খাতা অথবা এলোমেলো আঁকিবুকি করার একটা জীবন নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে!" এইভাবেই চলছে জীবন গুলো ।ধন্যবাদ ভাই ভালো লিখেছেন।
আসলেই।
ধন্যবাদ ভাই, আমার লেখা পড়ার জন্য।