একগুচ্ছ অণুকবিতা "কিছু স্বপ্ন, কিছু কল্পনা"
শ্রাবনের সাঁঝরাতে মোমের নরম আলোয়,
জানালার পাশে বসে কলম ধরেছি,
হাওয়ারা আজ বড্ড উত্তাল ।
মোমের অনুজ্জ্বল শিখা বারে বারে কেঁপে যায় ।
বরষার একটানা শব্দ, ফিস ফিস স্বরে হাওয়াদের আলাপ;
সিক্ত বাতাস ঝাপটা মারে বারে বারে,
আমার চুল ভিজে যায়, ওষ্ঠ বেয়ে নামে জল ।
বৃষ্টির ফোঁটা মুছে দিতে চায় কবিতা আমার,
এভাবেই যদি মুছে দিত অতীতের দিনগুলি !
বৃষ্টির জলে চশমার কাঁচ ঘোলাটে এখন আমার,
আবছায়া কাঁচে ঝাপসা দেখি সব ।
কবিতার লাইনগুলো আজ লেপ্টানো,
বিস্মৃতপ্রায় তার শব্দগুলো ।
২
চলো নিজেকে বদলেই ফেলি,
নতুন দিনের স্বপ্নে বিভোর হয়ে,
নিজেকে নতুন রূপে গড়ি।
একটু না হয় আবার নতুন করেই বাঁচি।
৩
আমার জীবনে তুমিই সব,
আমার সুখ-স্বপ্নেরা আবর্তিত হয় তোমায় ঘিরে ।
আমার দুঃখরা জমাট বাঁধে তোমার অশ্রুতে ।
তোমার হাসিতে আমি জীবন খুঁজে পাই,
তোমার অভিমানে আমি মৃত্যুর স্বাদ পাই ।
আর কতবার, কিভাবে বোঝাবো বলো
ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়।
৪
আমি আগলে আগলে রাখি তোমাকে,
সবার কাছ থেকে দূরে রাখি তোমাকে ।
বৃষ্টিতে যদি যাই ভিজে,
তবু তোমায় ভিজতে আমি দেই না ।
যদি ঝড় ওঠে কখনো আকাশে,
আমি বুকের মাঝে আগলে রাখি তোমাকে,
তবু ঝড়ের রেশ লাগতে দেই না ।
৫
যদি কখনো ছেড়ে যাও আমাকে,
আমি তারপরে আর চাই না বেঁচে থাকতে।
যদি কখনো দূরে ঠেলো আমাকে,
তবে মৃত্যুকে নেব কাছে ডেকে ।
যদি অভিমানে মুখ তুমি ফেরাও
তবে যন্ত্রনায় পোড়াতে চাই নিজেকে ।
যদি কখনো বলো "ভালোবাসি",
তবে আরও একবার বাঁচার স্বপ্ন আমি দেখি ।
৬
আমি অন্ধকারকে ভালোবাসি,
আলোকে নয় ।
আমি মৃত্যুকে ভালোবাসি,
জীবনকে নয় ।
আমি দুঃখকে ভালোবাসি,
সুখকে নয় ।
আমি অশ্রুকে ভালোবাসি,
হাসিকে নয় ।
আমি ভালোকে ভালোবাসি,
মন্দকে নয় ।
আমি তোমায় ভালোবাসি,
নিজেকে নয় ।
৭
আলোর আকাশে সোনালী ঈগল,
ডানা মেলেছে তার বিশাল,
কর্কশ তীক্ষ্ণ চিৎকারে,
আলোর আকাশে মৃত্যুর রেখা আঁকে ।