অন্যের দিকে আঙুল তোলা-ও এক ধরণের অপসংস্কৃতি
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,
সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
[সোর্স](মেটা এ আই)
আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।
সাধারণ কথাগুলোও যখন দোষারোপের সুরে শোনায় তখন মনে হয় না সাড়া দিই৷
সংসারে কিছু মানুষ আছে যারা জীবনে সব কিছুর জন্যই অন্যকেই দায়ী করতে শিখেছে এবং করেও। কাউকে দোষারোপ করার আগে কিংবা পরে এটা কখনও ভাবে না সে যে ব্যবহারটা পেল তার জন্য নিজে কতটা দায়ী। যে মানুষ অন্যের দিকে আঙুল তোলে এবং নিজেকে সর্বদাই নির্দোষ কিংবা 'আমি কিছুই করিনি' প্রমাণ করে তার কোন উন্নতি নেই৷ শুধু তাই নয় আমার মনে হয় জীবন তাকে একদিন চরম একা করে দেয়৷
অন্যের দোষ, ত্রুটি, স্বভাব, ব্যবহার বিচার করার আগে সকলেরই উচিত নিজের বিচার করা। যে মানুষ নিজের বিচার করতে পারে নিজেকে দোষ দিতে জানে সেই উন্নত মানসিকতার যেমন হয় সংসারে বাকি পাঁচজনকেও ভালো রাখতে পারে। অন্যকে অতিরিক্ত কাটাছেঁড়া করতে গেলে একদিন নিজেই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে, অবশ্যই তখনও তারা অন্যকেই দোষ দেবে৷
এই প্রবণতা কি শুধুই অভ্যাস? না কি তার পেছনে আছে গভীর মানসিক অনিশ্চয়তা? সত্যি বলতে, আঙুল তোলার এই সংস্কৃতি সমাজে এমনভাবে গেঁথে গেছে, যেন এটা একটা অদৃশ্য মঞ্চ—যেখানে নিজের দায় এড়িয়ে অন্যকে অপমান করার মধ্যেই আত্মতৃপ্তি খোঁজে মানুষ। কারণ, অন্যকে ছোট করতে পারলে, নিজের অপূর্ণতাকে কিছুক্ষণের জন্য চাপা দেওয়া যায়।
একটা কথা আছে—একজন যখন অন্যের দিকে এক আঙুল তোলে, তখন তার নিজের দিকেই কিন্তু বাকি তিনটা আঙুল থাকে। এই কথার মাঝে একটা অসাধারণ আত্মজিজ্ঞাসা লুকিয়ে আছে। আমরা কি কখনও ভেবেছি, নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া কেন এত কঠিন? আমরা কি ভয় পাই—নিজের ভুল স্বীকার করতে?
সমাজ আমাদের শেখায় প্রতিযোগিতা, শ্রেষ্ঠত্ব, সাফল্যের দৌড়। কিন্তু শেখায় না, ভুল করলে কীভাবে শিখতে হয়, অথবা পরের ভুলে কীভাবে সহানুভূতির চোখে তাকাতে হয়। তাই আঙুল তোলার সংস্কৃতি দাঁড়ায় নিজের অস্তিত্ব প্রমাণের এক সরল অথচ বিপজ্জনক অস্ত্র হিসেবে।
এই পরিস্থিতির বদল কি সম্ভব? হ্যাঁ, যদি আমরা সবাই একটু করে আয়নার সামনে দাঁড়াতে শিখি। যদি নিজের প্রতি সৎ থাকতে পারি, তাহলে হয়তো অন্যের দিকে তীব্র দৃষ্টিতে তাকানোর আগেও একবার প্রশ্ন করব—"আমি নিজে ঠিক কতটা ভালো আছি? আমার খারাপ থাকার পেছনে সাথের বা পাশের মানুষের থেকে আমি কতটা দায়ী"
তবে জীবন এমন দিন দেখায় যেখানে দেখি এই মানুষগুলো বদলায় না। কারণ তারা বাকি সব্বাইকে অশিক্ষিত, অপসংস্কৃতির আখড়া থেকে শুরু করে নানা বিশেষণে ভূষিত করতে করতে অন্ধ হয়ে যায়৷ পাশাপাশি প্রতি বাক্যে নিজের শিক্ষা নিজের সংস্কৃতি প্রমানে উদ্ধত হয়ে যায়৷ বোঝেই না এইগুলোই অন্য মানুষগুলোকে থামিয়ে দেয় সর্বত্র৷ শুধু তাই নয় তার নিজের থেকেও দূরে সরিয়ে দেয়।
আমি ব্যক্তিগত ভাবে ছোট থেকেই নিজের বিচার করি। আমার মা'ই আমায় শিখিয়েছেন 'তোমার সাথে কিছু খারাপ ঘটা মানে তোমারই ভুল, আর একই ভুলকে বার বার প্রশ্রয় দিলে আজীবন তোমার সাথে খারাপই ঘটবে'। যত বড় হই দেখি মায়ের কথাগুলোই যেন অমৃত বাক্য। মা গো, আমি আজও নিজেকে অন্যের বিচারকের আসনে বসাইনি। কারও প্রতি জাজমেন্টাল হয়ে তাকে ছোট করিনি। হয়তো আমার বাক্যে মিষ্টতা নেই কিংবা সোজাসাপটা অপ্রিয় সত্য কথাগুলোই বলে ফেলি কিন্তু কাউকে জাজ করি না৷ বা কোন ঘটনার জন্য অন্যের দিকে আঙুল তুলি না। বরং নিজেই নিজেকে চুপ করিয়ে রাখি। প্রয়োজনে বাধ্যতামূলক ভাবে অনেক জায়গা ছেড়ে দিই৷ সেইটাই হয়তো শান্তির পথ।
| পোস্টের ধরণ | ক্রিয়েটিভ রাইটিং |
|---|---|
| কলমওয়ালা | নীলম সামন্ত |
| মাধ্যম | স্যামসাং এফ৫৪ |
| লোকেশন | পুণে,মহারাষ্ট্র |
| ব্যবহৃত অ্যাপ | ক্যানভা, অনুলিপি |
১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে
~লেখক পরিচিতি~
আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিত গদ্য সিরিজ জোনাক সভ্যতা।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/neelamsama92551/status/1918503080682758381?t=uiJDd0ZFUcEQPGQVkCgP6w&s=19
https://x.com/neelamsama92551/status/1918708701545795945?t=VvWU2kgQTtUV2EpU3EpCeA&s=19
https://x.com/neelamsama92551/status/1918708347483631882?t=AQxcxoP5rBpg8Vu8KJC07Q&s=19
https://x.com/neelamsama92551/status/1918637508906094640?t=TO9-Cb2DtkKuJ9dSRflCEw&s=19
https://x.com/neelamsama92551/status/1918502470948397488?t=7ahdgg1uo09JIRR9IddazA&s=19