অপেক্ষার সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ29 days ago

28708.png

ডাকপিয়নের হাঁকডাক নেই, নেই কারও অপলক দৃষ্টিতে পথ চেয়ে থাকা। ‘এই বুঝি চিঠি এলো’—এই ভাবনা নিয়েও আর কেউ দিন গোনে না।

ভাঁজ করা চিঠির গায়ে লেগে থাকা মানুষের গন্ধ, একই চিঠি বারবার খুলে পড়ার অদম্য তৃষ্ণা—সবই হারিয়ে গেছে বহু আগেই। এখন আর কেউ বুকপকেটে প্রেয়সীর চিঠি নিয়ে ঘোরে না, বালিশের নিচে লুকিয়ে রাখে না, কোনো যত্নে লেখা অনুভূতি !

কত চিঠি যে মানুষের মুখে হাসি ফুটিয়েছে কিংবা চোখ ভিজিয়েছে নতুবা কত সম্পর্কের যে শুরু করেছে বা সুমধুর সম্পর্কের শেষও ঘোষণা করেছে, কয়েকটি কালি মাখা শব্দ দিয়ে —সে হিসাব কেউ জানে না। শুধু জানত তারা, যাদের ঠিকানায় চিঠি আসত....।।

একটি খাম, কয়েকটি শব্দ, আর কিছু না-বলা অনুভূতি—এসবই একসময় মানুষের হৃদয়ে ঝড় তুলতে যথেষ্ট ছিল।

এখন চিঠিও নেই, প্রতীক্ষাও নেই। নেই ডাকপিয়নের সাইকেলের ঘণ্টি শুনে বুক ধড়ফড় করে ওঠার সেই অনুভূতি। সময় সব খেয়ে ফেলেছে, এখন শুধু হাহাকার আর হাহাকার।

প্রযুক্তি মানুষের দূরত্ব কমিয়েছে বটে, কিন্তু কাগজে লেখা হাতের অক্ষরের উষ্ণতা কেড়ে নিয়েছে। এখন বার্তা আসে মুহূর্তে, কিন্তু অপেক্ষার সৌন্দর্য আসে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62834.62
ETH 1778.03
USDT 1.00
SBD 0.38