পুরুলিয়ার রহস্যময় সীতাকুন্ড
ভ্রমণের সবচেয়ে সুন্দর দিক হলো নতুন জায়গা আবিষ্কার করা। কিছু এমন জায়গা থাকে, যেগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং তাদের সাথে জড়িয়ে থাকা নানা লোককথা ও ধর্মীয় বিশ্বাসের জন্যও বিশেষ আকর্ষণীয়। কিছুদিন আগে এমনই একটি জায়গায় গিয়েছিলাম- পুরুলিয়ার বিখ্যাত সীতাকুন্ড। এই জায়গাটি প্রথম দেখাতেই মনে হয়েছিলো যেন প্রকৃতি আর ইতিহাস এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সীতাকুন্ডে পৌঁছে যে জিনিসটি প্রথম নজরে পড়েছিলো, সেটি হলো পাথর দিয়ে তৈরি একটি ছোট গোলাকার কুন্ড। কুন্ডটির চারপাশে প্রাচীন পাথরের গাঁথুনি ছিল, যা দেখে সহজেই বোঝা যায় যে এটি বহু পুরনো সময়ের নির্মাণ। কুন্ডের ভেতরের জল খুবই পরিষ্কার এবং শান্ত।
জলের ভেতর তাকালে নিচের পাথর পর্যন্ত দেখা যায়। এই স্বচ্ছতা দেখে জায়গাটিকে আরও রহস্যময় ও পবিত্র বলে মনে হয়। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী, এই কুন্ডটির সাথে রামায়ণের সীতা দেবীর একটি কাহিনি জড়িয়ে আছে। কথিত আছে, বনবাসের সময় সীতা দেবী এই অঞ্চলে এসেছিল এবং তাঁর নাম অনুসারেই এই জায়গার নাম হয়েছিলো সীতাকুন্ড। অনেক ভক্ত মনে করে যে, এই কুন্ডের জল পবিত্র এবং তা বিভিন্ন রোগ থেকে মুক্তি দিতে পারে। তাই অনেক মানুষ এখানে এসে পুজো দেয়। কুন্ডের পাশে ছোট করে ধূপ-ফুল নিবেদন করেও থাকে। পুরুলিয়ার সীতাকুন্ড শুধু একটি জলাধার নয়, এটি স্থানীয় বিশ্বাস, ইতিহাস এবং প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল।
