পায়ে হাঁটা এবং যানবাহনের ব্যবহার
Image Created by OpenAI
বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রা অনেক দ্রুত গতির হয়ে উঠেছে। প্রযুক্তির অগ্রগতি এবং আধুনিক যানবাহনের সহজ লভ্যতা আমাদের দৈনন্দিন চলা ফেরাকে অনেক সহজ করে তুলেছে। কিন্তু এই সহজতার মাঝেই কোথাও যেন হারিয়ে যাচ্ছে পায়ে হাঁটার সেই পুরোনো সংস্কৃতি। একসময় মানুষ বাজারে যেত হাঁটতে হাঁটতে, বন্ধুর বাড়িতে যেত গল্প করতে করতে, কিংবা গ্রামের পথ ধরে সন্ধ্যাবেলা হাঁটতে বের হতো। আজ সেই জায়গা দখল করে নিয়েছে মোটরবাইক, গাড়ি, অটো কিংবা বিভিন্ন আধুনিক যানবাহন। পায়ে হাঁটার মধ্যে একটি আলাদা সৌন্দর্য এবং মানসিক প্রশান্তি রয়েছে। কারণ, হাঁটার সময় মানুষ চারপাশকে গভীরভাবে অনুভব করতে পারে। রাস্তার ধারের গাছ, মানুষের ব্যস্ততা, দোকানের শব্দ কিংবা প্রকৃতির ছোট ছোট দৃশ্য। এই সবকিছুই হাঁটার সময় চোখে পড়ে।
কিন্তু যানবাহনে চলার সময় মানুষ যেন শুধুই গন্তব্যে পৌঁছানোর দিকে মনোযোগ দেয়। ফলে আশেপাশের জীবনের ছোট ছোট সৌন্দর্যগুলো সেভাবে চোখে পড়ে না। তবে হাঁটা শুধু মানসিক দিক থেকেই নয়, শারীরিক দিক থেকেও অনেক বেশি গুরুত্ব। নিয়মিত হাঁটা শরীরকে সুস্থ রাখে, হৃদযন্ত্র ভালো রাখে এবং মানসিক চাপ কমায়। বর্তমানে মানুষ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছে, যার অন্যতম কারণ হলো শারীরিক পরিশ্রম কমে যাওয়া। অনেকেই খুব অল্প দূরত্বেও যানবাহন ব্যবহার করে, তবে এতে সময় কিছুটা বাঁচলেও শরীর ধীরে ধীরে অলস হয়ে পড়ে। অন্যদিকে যানবাহনের ব্যবহারও আধুনিক জীবনের একটি অপরিহার্য অংশ। দূরপাল্লার যাত্রা, অফিসের ব্যস্ততা কিংবা জরুরি কাজের ক্ষেত্রে যানবাহন মানুষের জীবনকে সহজ করে তুলেছে। বিশেষ করে শহুরে জীবনে যানবাহন ছাড়া চলা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে।