"স্টিমিট প্ল্যাটফর্মে পথচলার তিন বছর পূর্ন হলো"
"Edited by canva"
Hello,
Everyone,
আজ একটু ভিন্নধর্মী লেখা শেয়ার করবো আপনাদের সাথে। যদি হিসাব করা হয় তিন বছর কিন্তু নিতান্তই কম সময় নয়।জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যায় তিন বছরের মধ্যে।সেটা ভালো হোক অথবা মন্দ। কারন জীবনের গতিধারা পরিবর্তনশীল।
একটা সময় ছিল বাবা মায়ের আদরের সন্তান হিসাবে জীবন উপভোগ করতাম। বিয়ের পর সংসারের বাইরে আর কোনো জগতের সাথে পরিচয় ছিলো না। এরপর চাকরি জীবনে প্রথম অভিজ্ঞতা অর্জন করলাম।
সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ লকডাউন হয়ে জীবন আমুল পরিবর্তন হয়ে গেলো। সবকিছু মোটামুটি ঠিক হতেই নতুন জগতের সাথে পরিচয় হলো, যার নাম স্টিমিট।
একদম অন্যরকম একটা জগৎ, যার সাথে কোনো ভাবেই কখনো যুক্ত ছিলাম না। @sduttaskitchen ম্যামের হাত ধরে @ rme দাদার সাহায্যে এই নতুন জগতে পথ চলা শুরু করেছিলাম তিন বছর আগে এইদিনে।
তাই সেই অর্থে বলতে গেলে আজ থেকে তিন বছর আগে এই স্টিমিট প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত হই। ভালো লাগা, মন্দ লাগা, পাওয়া, না পাওয়ার বহু অভিজ্ঞতা অর্জন করেছি, বহু মানুষের সাথে পরিচয় হয়েছে এই তিন বছরে।
আজ আমার এই প্লাটফর্মে ৩ বছরের পথ চলার কিছু গল্প ও অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। শুরুর দিকে যখন লেখা শেয়ার করতাম, তখন দিদির বাড়িতে সপ্তাহে অন্তত তিনবার যেতাম। আর ফোনে যে কি পরিমাণ বিরক্ত করতাম, সেকথা মনে পড়লে নিজের হাসি পায়। অবশ্য করতাম না বলাই শ্রেয়,কারন এখনও করি।
তবে মানুষটির ধৈর্য্যের কোনো তুলনা হয় না। যেকোনো কাজ বোঝানোর ক্ষেত্রে ওনার মত ধৈর্য্য বোধহয় খুব মানুষের আছে। শুরুতে কিছু ভুল করলেই ভয়ে আগে দিদিকে ফোন করতাম, আর তার নির্দেশ মতো পরের কাজটি করতাম। এইভাবে চলতে চলতে বেশ ভালো সময় পার করছিলাম।
হঠাৎ করেই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যারফলে খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় আমাদের। তবে হ্যাঁ দিদি সর্বদা আপোশ না করতে শিখিয়েছেন। অন্যায় না করে অন্যায় স্বীকার করার মধ্যে কোনো কৃতিত্ব নেই, একথা দিদির থেকে শিখেছি।
তাই লড়াই করছি, পরিশ্রম করেছি, সৎ পথে থেকেছি কিন্তু আপোশ করি নি কখনোই। বহুবার আমি হার মেনে নিয়েছি কিন্তু দিদি সবসময় উঠে দাড়ানোর সাহস দিয়েছেন, ফলস্বরূপ আজ তিন বছর পার করলাম এই প্ল্যাটফর্মে।
তবে আমার হার মেনে নেওয়ার স্বভাব, ব্যাক্তিগত জীবনের কিছু সিদ্ধান্ত, আপনজনের অসুস্থতা মাঝে বহুবার আমাকে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে রেখেছে। যার কারণে মাঝে মধ্যেই পোস্ট লেখা বন্ধ হয়েছে, যেটা একদম উচিত নয়। আর ঠিক কারনেই, আমার পরে যুক্ত হওয়া অনেক ইউজার আজ অনেক এগিয়ে আছেন।
যে ভুলগুলো আমি করেছি সেগুলো আপনারা যাতে না করেন, তাই এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ পোস্ট গ্যাপ গেলেও,এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রম ব্যাতীত অন্য কোনো পথ আমি অবলম্বন করি নি।
প্রথম দিন দিদি আমাকে বলেছিলেন, এখানে কাজ করতে হলে কি কি করা যায় না শেখার থেকেও কি কি করা যায় না সেটা শেখা সর্বাগ্রে জরুরি। কেবলমাত্র তখনই এই প্ল্যাটফর্মে নির্ভুল ভাবে কাজ করা সম্ভব। ম্যামের সেই কথা আমিও ইউজারদের বলে থাকি।
জানেন তিন বছরে বহু মানুষের সাথে পরিচিত হয়েছি। কেউ কেউ ভালো স্মৃতি রেখে গেছেন, কেউ কেউ দিয়েছেন তিক্ত অভিজ্ঞতা, আবার কেউ দিয়েছেন জীবনের চরম শিক্ষা, এই সব কিছু পাথেয় করে পথচলা কিন্তু আজও বন্ধ করি নি।
আজ যা বর্তমান কাল যদি তা অতীত হয়, তাতে কষ্ট পাওয়ার কিছু নেই। যতটা সহজে কথাটা লিখলাম, ঠিক এতটা সহজে কি সবকিছু মেনে নেওয়া সম্ভব হয়? হয় না। অন্তত আমি তা পারি না। আর ঠিক এই কারণে জীবনের জটিলতা বাড়তেই থাকে।
এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে মানুষের অনেক রূপের সাথে পরিচিত হয়েছি। সেই অভিজ্ঞতা থেকে একটি কথা অবশ্যই বলবো, এখানে সকলে কাজের সূত্রে পরিচিত হই আমরা। ধীরে ধীরে পরিবারের মতো মিশতে শুরু করি। তবে অবশ্যই মানুষ চিনতে শিখতে হবে। যদি সেটা না পারেন, তাহলে ব্যক্তিগত সম্পর্ক এড়িয়ে চলুন, তাতে বিপদমুক্ত থাকবেন। অন্তত আমার ও দিদির মতো খারাপ অভিজ্ঞতা হবে না এটুকু বলতে পারি।
সবশেষে একটাই কথা বলবো, এখানে দীর্ঘ সময় কাজ করতে চাইলে ধৈর্য্যের থেকে বড়ো কোনো উপায় নেই। তার সাথে একনিষ্ঠতা, পরিশ্রম ও সততা থাকলে এই প্ল্যাটফর্মের থেকে ভালো কাজের জায়গা আমার জানা নেই। যেখানে সকলে সমান সুযোগ পায়, অবসর নেওয়ার কোনো নির্দিষ্ট বয়স নেই, কাজের কোনো নির্দিষ্ট দিন ও সময় নেই, বাড়ির বাইরে বেরোনোর প্রয়োজন নেই।
তিন বছর কাজ করলেও গত এক বছরের বেশি সময় আমি আমার ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির সাথে যুক্ত রয়েছি। এই কমিউনিটিটাকে ম্যাম নিজের সন্তান তুল্য মনে করেন। কারন একটু একটু করে, পরিশ্রম দিয়ে তিনি এটি গড়ে তুলেছেন। আমিও ছিলাম ম্যামের সাথে কিন্তু পরিশ্রম ছিলো ম্যামের।
এখানে এই এক বছরে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। কেউ কেউ ছেড়ে গেছেন, কেউ কেউ ছেড়ে গিয়ে ফিরে এসেছেন, আবার কেউ কেউ থেকে গেছেন ভালোবেসে। তবে আমাদের যাওয়া হয়নি কোথাও। কারন সন্তানকে আগলে রাখাই মায়ের দায়িত্ব।
এই প্ল্যাটফর্ম আমাকে অনেক কিছু দিয়েছে। ধৈর্য্য বাড়িয়েছে, অনেক ভালো ভালো লেখা পড়ার সুযোগ করে দিয়েছে, ভালো বন্ধু/পরিবার দিয়েছে, মন খারাপের কথা বলে মন হালকা করার সুযোগ রয়েছে, সফলতা দিয়েছে, প্রশংসা দিয়েছে, নিন্দা দিয়েছে আর আর দিয়েছে সবকিছু মেনে নিয়ে এগিয়ে যাওয়ার শিক্ষা।
আজ এই তিন বছর পথ চলার পরে আমি বুঝেছি বর্তমানে এই প্ল্যাটফর্ম আমার জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে। যেটি ছেড়ে থাকা অসম্ভব। তাই আমার জীবনের ভালো ঘটনা হোক বা মন্দ, তা শেয়ার করার এই একটি মাত্র জায়গাকে আমি প্রনাম জানাই। এভাবেই দীর্ঘ হোক আমাদের পথচলা।
সবাইকে ধন্যবাদ, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমার জীবনে আসার জন্য। এই প্ল্যাটফর্মে আপনাদের পথচলা আরও দীর্ঘমেয়াদি হোক , এই কামনা করে আমি আমার লেখা শেষ করছি। ভালো থাকবেন সকলে। শুভ রাত্রি।
আসলে সময় কখন গড়িয়ে যায় আমরা বুঝতেও পারি না। আজকে আপনার স্টিম প্ল্যাটফর্মের কাজ করার তিন বছর পূর্ণ হল। সেজন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই প্লাটফর্মে কাজ করতে গেলে অনেক কিছু সম্মুখীন হতে হয়। বিশেষ করে আমি নিজেও অনেক কিছু সম্মুখীন হয়েছি। সবকিছু সামলে নিয়ে নিজেকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, প্রচেষ্টা এখনো চালিয়ে যাচ্ছি।
আমি সব সময় একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে দিদি একটা কথাই বলে কখনো অন্যায় কাজকে স্বীকৃতি দিতে নেই। আসলে অন্যায় কাজকে আমরা কতটুকু স্বীকৃতি দেব। আমাদের ধর্মে একটা কথা আছে, একটা সত্য লুকাতে গিয়ে আমরা যদি দশটা মিথ্যে কথাও বলে ফেলি, কখনোই সেই একটা সত্যকে লুকাতে পারবো না। সত্যের নৌকা সব সময় ভেসে উঠবেই। আর সব সময় সততার সাথেই কাজ করতে হবে। একটা প্লাটফর্মে টিকে থাকার জন্য ধৈর্য সবচাইতে গুরুত্বপূর্ণ। যে মানুষগুলো সব সময় ধৈর্যের সাথে কাজ করে। তারা কোন না কোন একদিন সফলতা ঠিকই অর্জন করে।
আপনি ধৈর্য ধরে এখানে টিকে আছেন, আর দিদি আপনাকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছিল সেগুলো সঠিকভাবে পালন করে যাচ্ছেন। আপনার আগামী দিনের পথ চলা আরো সুন্দর হোক, এবং আমিও চাই আপনার সাথে অনেক দূর এগিয়ে যেতে। যে মানুষগুলোর সাথে আমাদের পরিচয় হয় তারা হয়তো বা কয়েকটা দিনের জন্য আমাদের সাথে থাকে। কিন্তু আমি চাই আপনাদের সাথে অনেক দূর পর্যন্ত নিজের পথ চলতে। ধন্যবাদ আপনাকে স্টিম প্ল্যাটফর্মে তিন বছর পূর্ণ হওয়ার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাল থাকবেন।
খুব সত্যি কথা বলতে, অসৎ পথ অবলম্বন করা সব থেকে সহজ। শুধু কঠিন হল সততার সাথে ধৈর্য্য ধরে কোথাও টিকে থাকা। তবে এটাও যে করা সম্ভব সেটা দিদিকে দেখলে আশা করি সকলে বুঝতে পারবেন। আমিও দিদিকেই অনুসরণ করার চেষ্টা করেছি এবং এই প্লাটফর্মে তিনটে বছর এইভাবে অতিক্রম হয়েছে। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও যে এই পথ অবলম্বন করবেন, এই আশা সব সময় রাখি। আপনার জন্য অনেক শুভকামনা রইলো। আপনার পরিশ্রম ও সততা অবশ্যই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। ভালো থাকবেন।
Congratulations! This post has been upvoted through Curation Team#2. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @fombae
Thank you for your support
Congratulations!
Your post has been upvoted by @steemladies.
The community where the Steemian ladies can be free to express themselves, be creative, learn from each other, and give support to their fellow lady Steemians.
Manually curated by patjewell for Steem For Ladies
Thank you for your support.
আজ একটু ভিন্নধর্মী লেখা শেয়ার করলেন আমাদের সাথে। তিনটা বছর এই প্লাটফর্মে। দীর্ঘ দিন আছেন ও সততার সাথে কাজ করে যাচ্ছেন। অনেক কিছু পরিবর্তন হয়ে যায় তিন বছরের মধ্যে।সেটা ভালো হোক অথবা মন্দ। কারন জীবনের গতিধারা পরিবর্তনশীল।দীর্ঘ সময় কাজ করতে চাইলে ধৈর্য্যের থেকে বড়ো কোনো উপায় নেই। ধৈর্য্য ধরে কাজ করে আসছেন বলেই আজ এত দূর আসতে পারছেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
তিনটে বছর সত্যিই কম কথা নয়। এই তিনটে বছরে অনেক নতুন জিনিস শিখেছি। কিন্তু শুরুর দিন থেকে যেটা শিখেছিলাম, যে এখানে দীর্ঘ সময় কাজ করতে হলে ধৈর্য্য এবং সততা বজায় রাখতে হবে। সেটা আজও পালন করে চলেছি এবং ভবিষ্যতে যতদিন এই প্লাটফর্মে কাজ করবো, এই একটা জায়গাতে কোনোদিনও পরিবর্তন হবে না, এটুকু বিশ্বাস আছে। ধন্যবাদ আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
স্টিমিট প্ল্যাটফর্মে আপনার তিন বছর পূর্ণ হওয়ার জন্য আপনাকে অভিনন্দন ।এই তিন বছরে অনেক অভিজ্ঞতা সম্মুখীন হয়েছেন। আপনার পোম্ট পড়ে এই কথা বোঝা যাচ্ছে যে, ধৈর্য, পরিশ্রম ও সততা থাকলে জীবনে উন্নতি করা কোন কঠিন কাজ নয় ।এই গুণগুলো থাকলেই মানুষ একটু একটু করে হলেও এগিয়ে যেতে পারবে ।
@sduttaskitchen ও @rme দাদার হাত ধরে আপনার এই প্লাটফর্মে পথ চলা। আপনি খুবই গুনি দুজন ব্যক্তির সহযোগিতা পেয়ে এই প্লাটফর্মে সততার সাথে কাজ করে আসছেন। আপনাদের এই কাজ দেখে আমরা আর অনুপ্রাণিত হই এবং আমাদেরও চেষ্টা আরো দ্বিগুণ বেড়ে যায় ।
আপনি সঠিক বলেছেন, স্বাধীন প্ল্যাটফর্ম এখানে অন্যের পোস্ট পড়ে নিজের শিক্ষা অর্জন করা যায় এবং নিজের মনের ভাষা ও প্রকাশ করা যায়। আশা করি সততার সাথে এখানে কাজ করলে বহু দূর এগিয়ে যাওয়া যাবে । তার দৃষ্টান্ত উদাহরণ হলেন আপনি নিজে ।
আপনার পোস্টটি পড়ে আরো বুঝতে পারলাম সততা সফলতা কখনো এমনি এমনি আসে না তাকে ধৈর্য ধরে , শ্রর দিয়ে ও সততার দিয়ে অর্জন করতে হয়। আপনি এই সফলতার সাথে এই প্লাটফর্মে থাকুন এবং আমাদের নতুন নতুন অভিজ্ঞতা দিয়ে থাকবেন ।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি এভাবেই আপনার সাথে আমরা দীর্ঘ সময় পথ চলতে পারি । আপনার জন্য রইল শুভকামনা ।
যখন প্রথমে প্লাটফর্মে যুক্ত হই, তখন এই জিনিসটাই আমাকে সব থেকে বেশি আকর্ষিত করে যে,এখানে আমি আমার মনের সমস্ত ভালোলাগা মন্দলাগা গুলোকে নির্দ্বিধায় শেয়ার করতে পারবো। যেখানে অনুভূতি প্রকাশ করার আগে আমাকে দুবার ভাবতে হবে না, কারণ ব্যক্তিগত জীবনে এমন অনেক কথাই থাকে, যেগুলো অন্যকে বলার আগে আমাদেরকে দুবার ভাবতে হয়। কিন্তু এই প্লাটফর্মে নিজের অনুভূতিগুলো লেখার মাধ্যমে প্রকাশ করলে, নিজের মন অনেকটাই হালকা হয়। আবার সমালোচিত হওয়ার ভয়ও থাকে না। আপনাকে অনেক ধন্যবাদ পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। আশা করছি একটা সময় আপনার পথ চলাও আমার মতন এমন সুদীর্ঘ হবে। ভালো থাকবেন।
প্রথমে আপনাকে অভিনন্দন জানাই স্টিমিটে তিন বছর কাজ করার পূর্তিতে। আজকে আপনি আপনার তিন বছরের অভিজ্ঞতা এই পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন। যদিও এত লম্বা সময়ের চিত্র এই অল্প শব্দের মধ্যে সঠিকভাবে তুলে ধরা সম্ভব নয়। তবু একটি সম্যক চিত্র
আমরা পেলাম। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কমিউনিটিতে আপনার প্রবেশ ও বর্তমান অবস্থার কথা বলেছেন। এছাড়া আপনার স্টিমিটের অভিজ্ঞতায় দিদি যে ওতপ্রোত ভাবে জড়িত আছে এটিও বলেছেন। আরে কথা আপনার একদমই সঠিক দিদি ছাড়া এ কমিউনিটি সম্পূর্ণ খালি। উনি যেভাবে উৎসাহ দেন, যেভাবে প্রেরণা যোগান এমনটি আমি কাউকে করতে দেখিনি। আমাদের মত এলোমেলো ইউজার কে উনি যদি গুছিয়ে আনতে পারেন তাহলে বোঝাই যায় উনি আপনার পাশাপাশি থেকে আপনাকে কতটা প্রেরণা দিয়েছেন। পাশাপাশি আপনিও যে স্টিমিটে অনেক পরিশ্রম করেন এটিও আমরা দেখি। আপনার বোনের স্বামীর অসুস্থতা ,শশুরের অসুস্থতা পারিবারিক ঝামেলা সবকিছু ছাপিয়ে আপনি ষ্টিমিটে কাজ করে যাচ্ছেন।
সব মিলিয়ে আপনিও দুর্বার গতিতে এগিয়ে যান এই কামনাই করছি।
ব্যক্তিগত জীবনে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা রয়েছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় সেগুলো কারও সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না। তবে সেই অনুভূতিগুলোই যখন লেখার মাধ্যমে প্রকাশ করি, সত্যিই অনেক ভালো লাগে। একথা একদমই সঠিক তিন বছরের অভিজ্ঞতা একটা পোস্টের মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়।তথাপি চেষ্টা করেছি এই তিন বছরের স্টিমিট যাত্রার সবকটি দিক আপনাদের সামনে উপস্থাপন করার। দিদি ছাড়া এই কমিউনিটি সত্যিই ফাঁকা,পাশাপাশি এটা জেনেও ভালোলাগে,দিদির পাশাপাশি আপনারা আমাকে দেখেও কিছুটা অনুপ্রাণিত হন, এটা আমার জন্য সত্যিই অনেক বড় পাওনা। ধন্যবাদ এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
দেখতে দেখতে তিন বছর হয়ে গেল আপনার স্টিমিটে। চলার পথে প্রতিকূলতা থাকবেই। কিন্তু কঠোর পরিশ্রম, নিষ্ঠা আর অধ্যবসায়ের মাধ্যমে সেই প্রতিকূলতার মোকাবিলা করে এগিয়ে যাওয়া সম্ভব। ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি এখনকার দিনে মানুষ চেনাই হলো সবচেয়ে টাফ। আপনি আর অ্যাডমিন ম্যাম মিলে আমাদের কমিউনিটি ইনক্রেডিবল ইন্ডিয়া’র উন্নতির জন্য যে কি কঠোর পরিশ্রম করে চলেছেন প্রতিনিয়ত, সেটা আমি এই কদিনেই বুঝতে পেরেছি। ভালো থাকবেন।
জীবন মানেই সেখানে প্রতিকূলতা থাকবেই। আর স্টিমিট প্ল্যাটফর্ম কর্মজীবনের একটি অংশ, তাই সেখানেও অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তবে একথাও ঠিক যে নিজে সৎ থাকলে সাফল্য অবশ্যই পাওয়া যায়। পরিশ্রম সবথেকে বেশি অ্যাডমিন ম্যাম নিজেই করেছেন। আমি শুধু তার পাশে হেঁটেছি এই যা। তবুও ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
আমাদের জীবন থেকে সময় কিভাবে পার হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না, ঠিক আপনি দেখতে দেখতে তিনটি বছর স্টিমিটে পার করে দিয়েছেন। আপনার জন্য শুভকামনা ও অভিনন্দন রইল লং টাইম ধরে স্টিমিটে কাজ করার জন্য এবং আশা করি আরো সামনে একসাথে আমরা চলতে পারব। মানুষের সততা সবচেয়ে বড় কথা সততার সাথে যদি আমরা কাজ করে যায় তাহলে আমি নিজেও বিশ্বাস করি বহু বছর আমরা টিকে থাকতে পারবো।
ধন্যবাদ আপনার শুভ কামনার জন্য। আসলেই সময় কোথা দিয়ে কেটে গেলো বুঝতে পারলাম না। এরই মধ্যে তিনটে বছরও পার হয়ে গেলো। এইরকম ভাবেই এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত থাকতে চাই। আশা করছি আপনাদের সকলের শুভ কামনায় সেটি সম্ভব হবে।ভালো থাকবেন।
দিদি আপনাকে অনেক অনেক অভিনন্দন স্টিমিট প্ল্যাটফর্মে তিন বছর পূর্ণ হওয়ার জন্য। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি বেশি দিন হয়নি আর আমার ইচ্ছা আছে যে স্টিমিট প্ল্যাটফর্মে আমি যতদিন কাজ করব আপনাদের সাথে যুক্ত থাকবো। তিন বছরে আপনি অনেকের কাছ থেকে অনেক রকমের ব্যবহার পেয়েছেন কিন্তু আপনি তার জন্য স্টিমিটে কাজ করা বন্ধ করেন তার জন্য ধন্যবাদ। আসলে মানুষ সফল হতে সাহায্য করবে না কিন্তু আপনাকে সফল হওয়া থেকে বিরত রাখতে চেষ্টা করবে। আমাদের এইসব থেকে বিরত থাকতে হবে এবং মানুষের কথা খুব কম ধরে সামনের দিকে পথ চলা শুরু করতে হবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমার জেনে ভালো লাগলো যে, এই প্লাটফর্মে যতদিন আপনি কাজ করতে চান আপনি আমাদের সঙ্গেই যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। কোথাও না কোথাও এই গুলোই আমাদের প্রাপ্তি। যেখানে আপনাদের মতন কিছু মানুষ আমাদেরকে সঙ্গ দিতে ইচ্ছা প্রকাশ করেন। একদমই তাই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতন মানুষের সংখ্যা খুবই কম, সেটা শুধু এই প্লাটফর্মে নয় ব্যক্তিগত জীবনেও। তবে হ্যাঁ আপনি সফল হলে আপনাকে হিংসা করার মানুষের অভাব নেই। আপনার জন্য অনেক শুভকামনা রইলো। এই ভাবেই এগিয়ে চলুন। অনেক দীর্ঘ পথ আমরা একসাথে অতিক্রম করতে পারবো এই আশা রাখি। ভালো থাকবেন।
প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট এর রিপ্লাই করার জন্য।আর আমার প্রাপ্তি হলো এই রকম এটা ভালো কমিউনিটির সাথে যুক্ত হয়েছি আর ভালো কিছু মানুষ পাশে পেয়েছি। সৃষ্টিকর্তার রহমতে আমরা অনেক দূর এগিয়ে যাবো।