খেলা পাগল এক গ্রাম।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমাদের গ্রামের ঈদ পরবর্তী সময়ের গল্প করব।
আমাদের গ্রামটা খুবই খেলা পাগল একটি গ্রাম। সারা বছরই আমাদের গ্রামে খেলাধুলা চলমান থাকে। ঈদ উপলক্ষে এই আমেজটা অনেক বেড়ে যায়। সবাই যেমন ঈদ পালন করে নানা জায়গায় ঘোরাঘুরি করে, আমাদের গ্রামে ঈদের মূল আকর্ষও থাকে খেলাধুলা।
সময়টা যদি বর্ষাকাল কিংবা বৃষ্টির সময় হয় তাহলে সেটা হয় ফুটবলের এক জমজমাট আসর। আর যদি হয় শীতকাল তবে সেখানে বসে ক্রিকেট খেলার মেলা।
আমাদের গ্রামটা এমনই খেলা পাগল। প্রতি বছরই ঈদের পরদিন অথবা তারপর দেন খেলার আসর বসে। নানা রকমের খেলা হয়। কখনো কখনো সিনিয়র জুনিয়র খেলা হয়, কখনো কখনো বিবাহিত অবিবাহিত খেলা হয়। এই যেমন করোনা কালীন সময়ের কথা। তখন খেলা হয়েছিল যারা চুল কামিয়েছিল তাদের সাথে যারা চুল কামায়নি তাদের খেলা।
সামনে বিশ্বকাপ ফুটবলের আসর। এখনকার খেলাটা হয় আর্জেন্টিনা বনাম ব্রাজিল এর খেলা। দল যেমনই হোক খেলা কিন্তু হবেই। কখনো কখনো আমরা আরো মজার ছলে, লুঙ্গি দল বনাম পেন্ট দল খেলি। কখনোবা এমন হয় যারা গ্রামে থাকে তাদের সাথে যারা অন্যান্য জেলায় থাকে তাদের খেলা হয়। কখনো কখনো গ্রামের সাথে প্রবাসীদের খেলা হয়।
কখনো কখনো এমন হয় যারা সিগারেট খায় তাদের এক দল থাকে যারা সিগারেট খায় না তাদের এক দল থাকে। এমনকি কে কোন ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করে তার উপরও দল বানানো হয়। বল বানানো হয় সিম কার্ডের উপরে। দল বানানো হয় স্কুলে পড়েছে না মাদ্রাসায় পড়েছে তার উপরে। হরেক রকম ভাবে দল বানানো হয়। কারণ আমরা খেলা পাগল একটি গ্রাম। যেকোনো মূল্যেই হোক আমাদের খেলতেই হবে ঈদের পর।