ছোট ছোট স্বপ্নগুলোও গুরুত্ব পাক!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা অনেক সময় ভাবি, স্বপ্ন মানেই বিশাল কিছু হতে হবে। যেন খুব বড় চাকরি, বিলাসবহুল জীবন, দারুণ নামডাক না হলে সেটা স্বপ্নই না। কিন্তু আসলে তো সব স্বপ্নই সমান গুরুত্বপূর্ণ হোক সেটা ছোট বা বড়। আমার নিজের কিছু ছোট ছোট স্বপ্ন আছে, যেগুলো হয়তো কারও কাছে তেমন কিছু না। কিন্তু আমার কাছে খুব দামি।
মাঝেমধ্যে আমি ভাবি, সকালের নরম রোদে একটা কাপ চা হাতে বসে থাকা, একটা শান্ত বিকেল, বা পছন্দের একটা গান শুনতে শুনতে নিজে নিজে হাসা এসবও তো একেকটা স্বপ্ন। আমি চাই এগুলো ঠিকভাবে উপভোগ করতে, ভালোবাসতে। এগুলো হয়তো জীবনের বড় লক্ষ্য নয়, কিন্তু আমার দিনের অনেকটা শান্তি এনে দেয়।
ছোট স্বপ্নগুলোকে গুরুত্ব দেওয়া মানে নিজের জীবনের ছোট ছোট খুশিগুলোকে গুরুত্ব দেওয়া। আমি যদি চেয়েছি একটা ছোট নোটবুকে প্রতিদিন নিজের অনুভূতি লিখে রাখবো কিংবা একটা নতুন বই পড়ে শেষ করবো তাহলে সেগুলো পূরণ হওয়াটাও আমার কাছে অনেক বড় ব্যাপার। আর এই ছোট ছোট অর্জনগুলোই আমার আত্মবিশ্বাস বাড়ায়।
অনেকেই বলে, বড় স্বপ্ন না থাকলে মানুষ বড় হতে পারে না। কিন্তু আমি বলি, ছোট ছোট স্বপ্নপূরণের মধ্যেই বড় হবার শুরু। প্রতিদিন কিছু না কিছু ছোট লক্ষ্যে পৌঁছাতে পারলে তবেই না বড় স্বপ্নপূরণের সাহস আসে। আমি যদি আজকে ঠিক করি যে আমি হাসিমুখে একটা দিন কাটাব, তাহলে সেটাও একধরনের স্বপ্ন, আর সেটা পূরণ হলে আমার মনও ভালো থাকে।