আধুনিক প্রযুক্তির প্রভাবে একটা সময় মানুষের মেধাশক্তি লোপ পাবে
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ একদম ভিন্ন একটি টপিক নিয়ে চলে আসলাম।বর্তমান যুগ প্রযুক্তির যুগ। প্রতিদিন নতুন নতুন প্রযুক্তির আবির্ভাব আমাদের জীবনকে সহজতর করে তুলেছে। স্মার্টফোন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), স্বয়ংক্রিয় সিস্টেম – এসব এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। এগুলো ছাড়া যেন আমাদের একদমই চলে না। আমরা এখন গুগলে প্রশ্ন করি, জিপিএস বলে দেয় কোন পথে যেতে হবে, এমনকি AI আমাদের হয়ে লিখেও দিচ্ছে। কিন্তু এর পেছনে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে – আমরা কি ধীরে ধীরে আমাদের নিজস্ব চিন্তাশক্তি হারিয়ে ফেলছি?
হ্যাঁ, অবশ্যই! এক সময় যে কাজগুলো সম্পূর্ণভাবে মানসিক পরিশ্রমের উপর নির্ভর করত, আজ সেগুলোর দায়িত্ব নিয়েছে মেশিন। আগে মানুষ হিসাব করত ক্যালকুলেটর ছাড়াই, এখন ছোট্ট যোগফল করতেও মোবাইল হাতে নিই। আগে কোথাও যেতে হলে মানচিত্র পড়তে হতো, এখন গুগল ম্যাপ বলে দেয় কোথা দিয়ে গেলে দ্রুত পৌঁছানো যাবে। আগে আমরা গল্প লিখতাম মন থেকে আর এখন AI দিয়ে লেখা যায় পুরো উপন্যাস। তাহলে আমাদের চিন্তাশক্তি, বিশ্লেষণক্ষমতা, সৃজনশীলতা – এগুলোর কী হবে?
প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলছি। প্রযুক্তি যেমন আশীর্বাদ, তেমনি সচেতন ব্যবহার না করলে সেটা অভিশাপেও রূপ নিতে পারে। যখন আমরা প্রতিটি সমস্যার সমাধান প্রযুক্তির উপর ছেড়ে দেই, তখন ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা হ্রাস পেতে শুরু করে। গবেষণায় দেখা যাচ্ছে, অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতা আমাদের মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশের কার্যক্ষমতাকে কমিয়ে দিতে পারে।
যত দিন যাচ্ছে তত যেন মানুষ প্রযুক্তির উপর নির্ভর হয়ে অলস হচ্ছে। আমরা প্রযুক্তিকে সঠিক ভাবে ব্যবহার না করে যেন তার উপর নির্ভর হয়ে যাচ্ছি। তবে আমরা চাইলে, প্রযুক্তির সাথে ভারসাম্য বজায় রেখে নিজের মেধাশক্তি বজায় রাখতে পারি। প্রযুক্তিকে সহযোগী বানিয়ে, নির্ভরতা না বাড়িয়ে বরং নিজের দক্ষতা বাড়ানোর কাজে ব্যবহার করলেই সেটা আশীর্বাদই হবে।
প্রযুক্তি আমাদের হাতিয়ার, আমাদের বিকল্প নয়। যদি আমরা এটি সঠিকভাবে ব্যবহার করতে না শিখি, তবে ভবিষ্যতে মানুষ কেবল প্রযুক্তির ছায়া হয়ে দাঁড়াবে—যেখানে চিন্তা, বিশ্লেষণ ও সৃজনশীলতার সবকিছুই করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাই এখনই সময়—নিজের মেধাশক্তিকে কাজে লাগানো এবং প্রযুক্তিকে সহায়ক বানানো।
প্রযুক্তি কতটা ব্যবহার করব আর কতটা নির্ভর করব, সেটা নির্ধারণ করে দেয় আমাদের ভবিষ্যৎ। যদি সব কিছু প্রযুক্তির হাতে ছেড়ে দিই, তবে হয়তো একদিন সত্যিই নিজের চিন্তা করার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলব। তখন আমরা চাইলেও নিজের মেধা খাটিয়ে কিছু করতে পারবো না। তারজন্য নিজেকে সম্পূর্ণ প্রযুক্তির উপর ছেড়ে না দিয়ে চিন্তাধারা কে কাজে লাগিয়ে সব কাজ করা উচিত।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
Comment link
Comment link