"তোমাকে ছাড়া একটি বছর কেটে গেলো " 😥
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
তোমাকে ছাড়া একটি বছর কেটে গেলোঃ
এইতো মনে হয় সেদিন,অথচ দেখতে দেখতে একটি বছর হয়ে গেলো।অক্টোবর মাসের ২৩ তারিখ তুমি চলে গিয়েছ না ফেরার দেশে।ভুলতে পারিনি একটি দিনের জন্যও।পরিবার,সন্তান কতো কাজের মধ্যে ডুবে থেকে ও তোমাকে ভুলে থাকতে পারিনি।কারন তুমি তো জন্মদাতা।আমাদের আদরের বাবা।কতোই না কষ্ট করে করে চারটা মাস বাঁচার তীব্র আকাঙ্খা নিয়ে ছিলে।আমরা ও চেষ্টা করেছি আপ্রান তোমাকে সারিয়ে তুলতে।খেয়ে না খেয়ে দৌড়ে গেছি হাসপাতালের সিঁড়ি বেয়ে বেয়ে।লিফটের জন্য অপেক্ষা করিনি।ছুটে গেছি এক নজর দেখব বলে।আজ আর কোন তাড়া নেই বাবা।ঘরের কাজ কখন শেষ করবো কখন তোমার কাছে ছুটে যাব সেই তাড়া আজ আর নেই।
তোমার জন্য আলাদা খাবার রান্না করেছি তুমি যাতে একটু হলেও খেতে পারো।সেই খাবার নিয়ে দৌড়ে গেছি হাসপাতালে,যাতে ক্ষুধা লেগে যাওয়ার আগে তোমাকে খাবার সামনে দিতে পারি।কি খেতে ইচ্ছে করে জানতে চেয়ে সেই খাবার তোমাকে খাওয়াতে ব্যস্ত থেকেছি।কিন্তু আজ সব ব্যস্ততা শেষ করে তুমি ওপারে চলে গিয়েছ মহান আল্লাহ রাব্বুল আলামীনের খুশীতে।এখন আর বাবা বলে ডাকতে পারিনা,কি খাবে তাও জানতে পারিনা।মাটির ঘরে শুয়ে আছো বাবা তুমি।প্রতিটি মূহুর্ত শেষের সেই দিনগুলো চোখে ভেসে উঠে।শত ব্যস্ততাতেও সেই দিন গুলো ভুলতে পারিনা।আমার চোখের ঘুম কমে গেছে।আর ভাবনা গুলো শুধু ই ভাবাচ্ছে।
শেষের চারটি মাস ছিল ভীষণ যুদ্ধের।তুমি যুদ্ধ করেছ রোগের সাথে।আর আমরা যুদ্ধ করেছি তোমাকে সারিয়ে তুলতে।তুমি শেষ দিনটিতেও ভালো আছো বলেছিলে।ভাবোনি পরের দিন তুমি পৃথিবী থেকে বিদায় নেবে।আর আমরা ও ভাবিনি তুমি এতো আগে আমাদের থেকে বিদায় নেবে।আমার অনেক রাত নিদ্রাহীন ভাবে কেটে যায় এখন।বাবা নামের বটগাছ আর মাথার উপর নেই।বাবা বলে ডাকতে পারিনা।কেউ বলে না বাসায় আসবে কবে?এখন আর কোথাও যেতে ইচ্ছে ও করে না।আমার একটা অপূর্ণ ইচ্ছে রয়েই গেলো তোমাকে শেষবারের মতো আমার শ্বশুরবাড়িতে বেড়াতে নেয়ার।তুমি খুব আশাবাদী হয়ে বলেছিলে একটু সুস্থ হয়ে যাবে।তা আর হয়নি।আল্লাহ কিছু মানুষের মনে কিছু অপূর্ণতা রেখে ই দেন।আমিও এই অপূর্ণতা নিয়ে বেঁচে আছি।আর মনের মধ্যে মাঝে মাঝে ই এই অপূর্ণতা ভীষণ কষ্ট দেয়।আজ পোস্ট লিখতে লিখতে বিগত বছরে হারিয়ে গিয়ে চোখ দুটো জলে ভিজে উঠলো।চোখে জল ধরে রাখতে পারছি না।কি তীব্র চেষ্টা করেছি বাবাকে বাঁচিয়ে তুলতে।শেষের দিকে মনে হয়েছিল,ডায়লাসিস করে হলেও বাবা আমাদের বেঁচে থাকুক।
যেখানেই আছো ভালো থেকো বাবা।দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন তোমাকে বেহেশত নসীব করবেন,আমিন।"রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা"
তীব্র কষ্ট হচ্ছে বাবার কথা ভেবে।একটি বছর কেটে গেলো বাবা নেই পাশে।অথচ প্রতিদিন বাবার জন্য দোয়া করছি আমরা।আপনারা ও সবাই দোয়া করবেন আমার বাবার জন্য।আজ এখানেই শেষ করছি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | জেনারেল রাইটিং পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে খুব গর্ববোধ হয়।