অন্তর্যামী- আমার কবিতা লেখার প্রয়াসsteemCreated with Sketch.

in Incredible India3 years ago
20230630_163714_0000.png

প্রিয় বন্ধুরা,
কাল থেকে মনটা বেশ ভারাক্রান্ত। যেহেতু আমি মানুষ তাই বিভিন্ন সময় বেশকিছু অনুভূতি যখন ভিতরটা বেশ জোরে নাড়া দিয়ে যায়;
তখন নিজের সাথে নিজেই কথা বলি।

কখনো প্রশ্ন করি, আবার কখনো ছন্দের মধ্যে উত্তর খুঁজে বেড়াই।

আজকে যখন কাজের ফাঁকে শব্দগুলো মনের কোন উঁকি দিচ্ছিল আকাশের পানে চেয়ে দেখলাম তার মুখ ভার হতে শুরু করেছে।
ঘড়িতে ভারতীয় সময় বিকেল চারটে বেজে সতেরো মিনিট।

লেখা শেষ হতে না হতেই, দেখলাম একরাশ নালিশ কালো মেঘের হাত ধরে, বিদ্যুৎ রূপে গর্জনের সাথে ধেয়ে আসতে না আসতেই; তাকে শান্ত করতে বৃষ্টি তার পিছন পিছন এসে উপস্থিত।

হয়তো এটাই বোঝাতে এসেছে কোনোকিছুই স্থায়ী নয়, আবার কখনো মনে হয় আমাকে বেশ শাসন করছে অকারণে মন খারাপ দেখে।
অকারণে!
হবে হয়তো! মনের কথা যারা বোঝে না, তাদের কথা ভেবে কষ্ট পেলে সেটা তো অকারণই বটে।


ভারাক্রান্ত মন হালকা করতে যেমন চোখের জল বেরিয়ে যাওয়া প্রয়োজন, তেমনি আকাশের মন ভার হলেও সে বৃষ্টির আকারে সেটা হালকা করে নেয়।

কখনো কখনো মনে হয়, বিদ্যালয়ে যাবার দরকার হয় কেবল উপার্জনের হিসেব শিখতে, জীবনের হিসেব তো প্রকৃতি নিজেই শিখিয়ে দেয়।

আজকে যে শব্দগুলো মনের মধ্যে উঁকি দিচ্ছিল সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরলাম। ভালো, মন্দ এসবের হিসেব নিকেষ না করেই। লেখার শুরুতে কিন্তু কবিতার নামকরণ ঠিক করা ছিল না, কিন্তু বৃষ্টি আমাকে নাম নির্ধারণে সাহায্য করে দিয়ে গেলো।



অন্তর্যামী

আত্মস্বার্থে সম্পর্ক গড়িনা;
লিখেছি বৃষ্টিস্নাত পাতায়।
পত্র ছাড়াও, জমিয়ে রেখেছি;
হৃদয়ের খেরো খাতায়।

জানি ধুয়ে যাবে আমার সকল লেখা;
নতুন বৃষ্টির পাওয়া গেলে দেখা।
তাইতো হৃদয়ে ধরা আছে সবই;
মুছবে না কোনোদিন সেসব ব্যথার রেখা।


শব্দ বড়ো তীক্ষ্ণ, যখন আঘাত হানে মনে..
কালো মেঘ জমে, তখন হৃদয়ের কোণে।
কেউ না বুঝুক, অশ্রুবারির মানে;
অন্তর্যামী, আমার বালিশ সবটা জানে।

অঙ্ক কষে, জমা খরচ যারা মেনে চলে;
আবেগ, অনুভূতির ধার ধারে না..
থাকেনা তারা সেসব দলে।
বোকাই বটে! মনের কথা..
যারা এদেরকে বলে!

বুঝবে না তারা, সব কিছু যারা;
দাড়িপাল্লায় মাপে!
সম্পর্ক দূরে ঠেলতে তাদের,
হাত কি কখনো কাঁপে?

কেনারাম আর বেচারামদের
ভিড় আজ অনেক বেশি...
সংখ্যায় আজ অধিক তারা;
বিদেশী হোক বা দেশী।


আমি বোকারাম রয়েই গেলাম;
অপমান ছাড়া কি বা পেলাম!

যেদিকেই ভালোবেসে হাত বাড়িয়েছি,
দুঃছাই ছাড়া কিবা পেয়েছি?

বোঝাতে পারিনি কখনো অন্তরের জ্বালা;
হাসি মুখে সব মেনে নিয়েছি...
জানি আসবে আমারও দেখবার পালা।

শ্রদ্ধা, ভালোবাসা স্নেহ...
সেও কি হিসেব কষে হয়?
ক্ষমতা, অর্থ, সে তো! ক্ষণিকের!
সম্পর্কের অনুভূতি কেবল,
চিরস্থায়ী হয়ে রয়।


নেই ক্ষমতা, নেই আড়ম্বর..
নেই কোনোকিছুই দামী;
তবুও আমি শান্তিতে আছি..
বেঁচে থাক গ্লানিহীন আমাতে আমি।

ওষ্ঠ কাঁপে না, কথা বলতে;
পা কাঁপে না পথ চলতে..
কারণ আমার সততা, সত্য;
আজও মিথ্যার চেয়ে বহুগুণে দামী!
কেউ না জানুক, জানেন শুধু আমার অন্তর্যামী।

- সুনীতা দত্ত।

I9Ws6mn5yoT8JYcTf1.gif

Sort:  

TEAM 5 CURATORS

This post has been upvoted through steemcurator08. We support quality posts anywhere and with any tags. Curated by: @irawandedy

 3 years ago 

Thank you for this encouraging support.💕

Loading...
 3 years ago 

খুব বাস্তবিক একটি কবিতা ভাগ করার জন্য ধন্যবাদ দিদি। খুব সুন্দর লিখেছেন।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়ে আমার কবিতা লেখার প্রয়াসকে সাধুবাদ জানানোর জন্য।

 3 years ago (edited)

আপনি খুবই সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভিতরে অনেক বাস্তবতা রয়েছে। আমার বাস্তব জীবনের সাথে অনেকটাই মিলে যায়।

ধন্যবাদ দিদি এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার প্রশংসার জন্য এবং এত ব্যস্ততার মাঝেও মন্তব্য করবার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61240.63
ETH 1620.29
USDT 1.00
SBD 0.42