ভালোবাসা ও মাঝেমাঝে যেনো ভালো লাগে না!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
ভালোবাসা এই শব্দটা শুনলেই মনের ভেতর একরকম নরম অনুভব তৈরি হয়। যেনো কারো জন্য ভালো লাগা, তার হাসিতে নিজের শান্তি খোঁজা, তার যত্নে নিজের জায়গা খুঁজে পাওয়া। কিন্তু সত্যি বলতে, সব সময় এই ভালোবাসাও যে ভালো লাগে এমন না। অনেক সময় এই ভালোবাসাটাই একরকম বোঝা হয়ে দাঁড়ায়।ভালোবাসা মানেই সব সময় খুশি থাকা না। কখনো কখনো ভালোবাসা মানেই একতরফা চেষ্টার নাম। আপনি চেষ্টা করে যাচ্ছেন, আগলে রাখার, বোঝার, পাশে থাকার, অথচ অপরপক্ষের কাছ থেকে সেইটুকু মনোযোগ, গুরুত্ব বা যত্নও পাচ্ছেন না। তখন সেই ভালোবাসাটাই একসময় একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় আমি কেনো এতটা দিচ্ছি, যখন আরেকজন এতটাই উদাসীন?
আবার অনেক সময় ভালোবাসার ভেতরেও একটা দমবন্ধ অবস্থা তৈরি হয়। নিজের জায়গা হারিয়ে যেতে থাকে, সব কিছুতেই যেনো আমরা হয়ে যায়, আমি বলে কিছু থাকে না। যেটা একসময় শান্তি দিত, সেটা আস্তে আস্তে নিজের উপর চাপ মনে হতে থাকে। আপনি হয়তো আর আগের মতো মুক্তভাবে হাসতেও পারেন না, কিছু বললে ভুল বোঝার ভয়, কিছু না বললেও দূরত্ব।তাছাড়া, এই ভালোবাসার ভেতরে যখন বারবার ঝগড়া, অভিমান, ভুল বোঝাবুঝি চলে আসে তখন তো আরও বাজে লাগে। একটা সময় পরে মন চায় একটু নিঃশ্বাস নিতে, কারো ভালোবাসার হিসাব মেলাতে নয়। তখন মনটা বলে ভালোবাসা থাক, কিছুক্ষণের জন্য একটু ভালো না লাগলেই বা কী?
সবচেয়ে খারাপ লাগে তখন, যখন আপনি বোঝেন, যে ভালোবাসা এত যত্নে ধরে রেখেছেন, সেটা আর আগের মতো নেই। হয়তো সম্পর্ক আছে, কিন্তু আবেগ নেই। তখন ভালোবাসাটা কেবল অভ্যাস হয়ে যায়, যেটা থেকে বেরিয়ে আসতেও ভয় হয়, থেকেও শান্তি নেই।তবে এসব সত্ত্বেও ভালোবাসাকে দোষ দিয়ে লাভ নেই। কারণ ভালোবাসা আসলে খারাপ না, খারাপ হয় সেই পরিস্থিতি, সেই মানুষগুলো যাদের সাথে এই ভালোবাসা জড়ায়। তাই মাঝেমাঝে এই ভালোবাসাটাও ভালো লাগে না, কারণ সেটা তখন আর ভালোবাসার মতো থাকে না থাকে শুধু একটা ক্লান্ত অনুভব, যেটা থেকে মুক্তি চাইতে ইচ্ছে করে।